প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বাঙালিরা খেতে পছন্দ করেন। এ জন্য যে খুব বড় উপলক্ষ্যের প্রয়োজন হয়, তা কিন্তু নয়। যখনতখন নতুন খাবারে ভোজনরসিকরা তৃপ্তির ঢেঁকুর তুলেন। নিজে যেমন খেতে পছন্দ করেন তেমনি অতিথি আপ্যায়নেও কোনো ত্রুটি রাখেন না। বাড়িতে হঠাৎ অতিথি এলে সহজে তৈরি করা যায়, এমন তিনটি রেসিপি দিয়েছেন উম্মে সালমা সুলতানা।
ফ্রাইড রাইস
প্রয়োজনীয় উপকরণ
পোলাওয়ের চাল আধা কেজি
মুরগির বুকের মাংস ১ কাপ
চিংড়ি ১ কাপ (খোসা ছাড়ানো)
ডিম ৪টি
আদা-রসুন বাটা ২ চা চামচ
পেঁয়াজ মোটা কুঁচি ১ কাপ
পেঁয়াজ কলি আধা কাপ
মটরশুঁটি আধা কাপ
গাজর ১ কাপ (গ্রেট করা)
চিনি পরিমাণমতো
টেস্টিং সল্ট ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
লবণ পরিমাণমতো
বাটার ও তেল আধা কাপ
কাজু বাদাম পরিমাণমতো
প্রস্তুত প্রণালী
ফুটন্ত পানিতে পোলাওয়ের চাল দিয়ে কিছুক্ষণ রেখে মাড় ঝরিয়ে নিন। ভাত ঝরঝরা হতে হবে। এবার প্যানে বাটার ও তেল দিয়ে পেঁয়াজ কুঁচির অর্ধেক দিন। এবার মুরগি ও চিংড়ি, আদা-রসুন বাটা দিন। এরপর সয়াসস ও গোল মরিচ গুঁড়া দিয়ে ভাপ দেওয়া সবজি ঢেলে দিন। কাঁচামরিচ কুঁচি দিন। এবার রান্না করা ভাত দিয়ে নেড়ে পেঁয়াজ কলি, ডিমের কুঁচি (ভেজে রাখা), টেস্টিং সল্ট, চিনি ও কাজু বাদাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে ২-৩ মিনিট পর সার্ভিং ডিশে ঢেলে গরম গরম পরিবেশন করুন।
দই রেজালা
প্রয়োজনীয় উপকরণ
গরু/খাসির মাংস ১ কেজি
টক দই ১ কাপ
পোস্তদানা বাটা ১ টেবিল চামচ
পেঁয়াজ বেরেস্তা আধা কাপ
জয়ফল ও জয়ত্রী ১ চা চামচ
ঘি আধা কাপ
কিশমিশ বাটা ২ টেবিল চামচ
পেঁয়াজ বাটা আধা কাপ
মরিচ বাটা ১ টেবিল চামচ
চিনি ৪ টেবিল চামচ
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন পেস্ট ১ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালী
মাংসের টুকরা কেটে ভালো করে ধুয়ে মুছে নিন যেনো একটুও পানি না থাকে। এবার মাংসে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টক দই, মরিচ বাটা, পোস্তাদানা বাটা দিয়ে মাখিয়ে কাটা চামচ দিয়ে কেটে নিন। চুলায় পাত্র বসিয়ে ঘি দিন। ঘি গরম হলে কিশমিশ ও জয়ফল, জয়ত্রী বাটা অল্প পানি দিয়ে কষিয়ে মাখানো মসলাসহ মাংস দিন। কম আঁচে উল্টে দিয়ে মাঝে মাঝে নাড়ুন এবং সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রান্না করুন। সবশেষে চিনি ও বেরেস্তা দিয়ে গায়ে মসলাসহ নামিয়ে পরিবেশন করুন।
মিটবলস ইন অরেঞ্জ সস
প্রয়োজনীয় উপকরণ
মিটবলস বানাতে
গরুর মাংসের কিমা ১/২ কেজি
কমলার রস ২ টেবিল চামচ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
সয়াসস ১ টেবিল চামচ
মরিচ গুঁড়ো ১ চা চামচ
ময়দা পরিমাণমতো
তেল ভাজার জন্য
লবণ স্বাদমতো।
অরেঞ্জ সস বানাতে
কমলার রস ১ কাপ
টকদই ১ টেবিল চামচ
সয়াসস ১ চা চামচ
চিলিসস ২ টেবিল চামচ
ব্রাউন সুগার ১ চা চামচ
আদা বাটা ১ চা চামচ
বাটার ১ টেবিল চামচ
রসুন কুঁচি ১ টেবিল চামচ
পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ
কাঁচামরিচ ফালি ৩/৪ টি
ক্যাপসিকাম কুঁচি ৩ টেবিল চামচ
লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালী
মিটবলস বানানোর সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে বলস তৈরি করে সিদ্ধ করে পানি শুকিয়ে নিন। তারপর ডুবো তেলে বাদামী করে ভেজে তুলে রাখুন। একটি পাত্রে দই ও কমলার রসের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে রাখুন। কড়াইতে তেল ও বাটার গরম করে রসুন কুঁচি ও পেঁয়াজ কুঁচি বাদামী করে ভেজে সসের মিশ্রণ দিয়ে কষিয়ে নিন। এবার ভেজে রাখা মিটবলস দিয়ে ৫ মিনিট ঢেকে রান্না করুন। কাঁচামরিচ ও ক্যাপসিকাম দিয়ে নামিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৪ আগস্ট ২০২১ /এমএম





