Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ রাশিয়ার রাজধানী মস্কোর বিশ্বখ্যাত ত্রিতিয়াকোভ আর্ট গ্যালারীতে অনুষ্ঠিত হচ্ছে চিত্তাকর্ষক এক প্রদর্শনী। মস্কো ডিজাইন মিউজিয়াম এবং রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল শাখা এটমোস্ত্রয়এক্সপোর্ট (এএসই) এই প্রদর্শনীর সহ-আয়োজক। এই প্রদর্শনীটি গত ৭ জুলাই শুরু হয়েছে এবং আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে বলে এটমোস্ত্রয়এক্সপোর্ট (এএসই)-এর গণমাধ্যম শাখা বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সম্প্রতি প্রদর্শনীটি ভিজিট করেন এবং এর কনসেপ্ট ও আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়ার বিভিন্ন কারখানায় নির্মাণাধীন যন্ত্রপাতির ইন্সপেকশনের জন্য রাশিয়া ভিজিটকারী একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছিলেন।

গতবছর আয়োজিত এএসই আন্তর্জাতিক ফটো প্রতিযোগিতার বিজয়ী এবং ফাইনালিস্টদের দ্বারা ধারণকৃত বিভিন্ন আলোকচিত্র এখানে প্রদর্শিত হচ্ছে। প্রতিযোগিতায় বাংলাদেশী আলোকচিত্রীরা অসাধারণ সাফল্য অর্জন করতে সমর্থ হয়েছে। অন্যান্য যেসকল দেশের আলোকচিত্রীদের তোলা ফটো প্রদর্শনীতে রাখা হয়েছে তার মধ্যে রয়েছে – ভারত, মিশর, হাঙ্গেরি, ফিনল্যান্ড, তুরস্ক, বেলারুশ এবং রাশিয়া।

রসাটম বিশ্বের যেসকল দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে বা করছে সেই সকল দেশের সৌন্দর্য ও অনন্য বৈশিষ্ট্য পৃথিবীর সামনে তুলে ধরাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বলে জানা গেছে। একই সাথে ঐ সকল দেশের প্রতিভাবান আলোকচিত্রীদের খুঁজে বের করা এবং স্বীকৃতি প্রদানও এর অন্যতম আরেকটি লক্ষ্য।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২১ আগস্ট ২০২১ /এমএম

 

 


Array