Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: শ্রীলঙ্কায় বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম দেশটির রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসার কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেন।

পরিচয়পত্র পেশের পর, হাইকমিশনার শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক করেন। এসময় তারা উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে মতবিনিময় করেন। হাইকমিশনার তারেক রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসার কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি গোটাবায়া রাজাপাকসাকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

শ্রীলঙ্কার আর্থ-সামাজিক উন্নয়নের নেতৃত্ব প্রদানের পাশাপাশি মহামারিকে কার্যকরভাবে মোকাবেলার জন্য সাধুবাদ জানান হাইকমিশনার তারেক। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে হাইকমিশনার দু’দেশের মধ্যকার বন্ধনকে আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি এ বিষয়ে শ্রীলঙ্কা সরকারের সমর্থন চান।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়ন অর্জন করেছে তা শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং কোভিড মোকাবেলায় বাংলাদেশের সাফল্য তুলে ধরেন। তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), নৌ-পরিবহণ সংযোগ বাড়ানো, কোস্টাল শিপিং চুক্তি স্বাক্ষর, বিনিয়োগ বৃদ্ধি, ওষুধ খাতে সহযোগিতা ইত্যাদি বিষয়েও আলোচনা করেন।

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসা হাইকমিশনারকে তার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তার শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণের জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি মহামারি মোকাবেলায় শ্রীলঙ্কার অভিজ্ঞতা বিনিময় করেন এবং বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে কৃষি ও কৃষিভিত্তিক পণ্য, আঞ্চলিক পর্যটন, বাণিজ্য-বিনিয়োগ, আইসিটি, উচ্চপ্রযুক্তি শিল্প এবং শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে অভিমত দেন।

অনুষ্ঠানে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী দীনেশ গুণাওয়ার্দনে, রাষ্ট্রপতির সচিব ড. পি. বি. জয়সুন্দেরা, এবং পররাষ্ট্র সচিব এডমিরাল প্রফেসর জয়নাথ কলম্বাগে উপস্থিত ছিলেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২ জানুয়ারি ২০২১ /এমএম

 

 


Array