প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: পুষ্টিগুণে সমৃদ্ধ কিডনি বিন বা রাজমা। একথা আমাদের সকলের জানা। কিডনি বিনের কাবাব বানানো আগে জেনে নিন এর পুষ্টিগুণ। কিডনি বিনে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ এবং ভিটামিন কে, যা শরীরে ক্যানসার হওয়ার ঝুঁকি কমাতে বিশেষ উপকারী। এছাড়া রয়েছে আয়রন, রক্তে লোহিতকণিকার পরিমাণ ঠিকঠাক রাখে এবং পাশাপাশি শরীরকে প্রচুর এনার্জি সরবরাহ করে।
পাশাপাশি কিডনি বিনে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি১ বা থায়ামিন। এই ভিটামিনটি স্মৃতিশক্তি ভাল রাখতে সাহায্য করে। স্বাদ বদলাতে ঘরেই বানিয়ে ফেলতে পারেন কাবাবের তোফা এই আইটেম। তবে চলুন জেনে নেওয়া যাক পুষ্টিগুণ সমৃদ্ধ কিডনি বিনের সুস্বাদু এক রেসিপি কিডনি বিনের কবাব।
৪ জনের মতো কিডনি বিনের কাবাব বানাতে লাগবে
৪০০ গ্রাম কিডনি বিন, ২ টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, ১ টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট, ১টা টমেটো কুঁচি, ১টা বড় আলু টুকরো করা, আধা চা চামচ মরিচ গুঁড়া, ১ চা চামচ গোল মরিচের গুঁড়া, ১ চা চামচ গরম মশলা গুঁড়া, ১ কাপ নারিকেল কোড়ানো আর লবণ প্রয়োজন মতো।
প্রণালি
আগের দিন রাতে কিডনি বিন বা রাজমা ভিজিয়ে রাখুন। এরপর ভাল করে ধুয়ে সেদ্ধ করে নিন। ননস্টিক প্যানে তেল গরম করে আলু ভেজে তুলে রাখুন। তাঁতে পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিয়ে হালকা করে ভেজে নিন। এবার এতে টমেটো কুঁচি দিয়ে কষিয়ে নিন। এরপর একে একে এতে মরিচের গুঁড়া, গোল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া ও লবণ দিয়ে ভাল করে মিশিয়ে দিন। মশলা ভাল করে কষানো হয়ে গেলে এতে নারকেল কোড়া দিয়ে দিন।
এরপর এতে সেদ্ধ করে রাখা রাজমা এবং ভেজে রাখা আলু দিয়ে রান্না করুন। ভাল করে মাখা মাখা হয়ে এলে ঠান্ডা করে মিক্সারে পেস্ট করে নিন। এখন ছোট ছোট কবারের আকারে তৈরি করে নিন। প্যানে তেল গরম করে ভাল করে দুপিঠ ভেজে নামিয়ে নিন। পুদিনার চাটনি আর টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন গরম গরম কিডনি বিনের কাবাব।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৭ অক্টোবর ২০২০/এমএম





