বাংলানিউজসিএ ডেস্ক :: করোনাভাইরাসের সংক্রমণ রোধে আমরা সুরক্ষা সামগ্রীর মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করে থাকি। তবে এসব ব্যবহারের পর তা ঢাকনাযুক্ত ময়লার ঝুড়িতে না ফেলে বাইরে যেখানে-সেখানে ফেলছি। এতে বাড়ছে বিপদ।
এখন রাস্তায় বের হলেই দেখা যায় চারদিকে প্রায় সবাই সার্জিক্যাল মাস্ক, পলিথিনের হ্যান্ড গ্লাভস, সার্জিক্যাল হ্যান্ড গ্লাভস, ফেস-শিল্ড, সার্জিক্যাল ক্যাপ এবং পিপিই এগুলো পরে আছে।
এসব সামগ্রী ব্যবহারের পর কীভাবে ফেলা উচিত তা আমরা অনেকেই জানি না।
যত্রতত্র সুরক্ষা সামগ্রী ফেলার ঝুঁকি-
বাংলাদেশ হেলথ সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের এপিডমলজির শিক্ষক মোসাম্মাৎ নাদিরা পারভীন বলেন, এখন রাস্তায় বের হলেই মাস্ক ও গ্লাভস পরে থাকতে দেখা যায়। এসব সুরক্ষা সামগ্রী প্রতিদিন ব্যবহারের পর রাস্তায় ফেলে দিচ্ছেন ও জীবাণুমুক্ত করছেন না। কিন্তু এটি খুবই ভুল ধারণা।
তিনি বলেন, এই ভাইরাসের সংক্রমণ বাতাসে ছড়াতে পারে। তাই ব্যবহৃত সুরক্ষা সামগ্রী সঠিকভাবে ফেলা উচিত।
তিনি আরও বলেন, কাপড়, প্লাস্টিকসহ নানা ধরনের সামগ্রীর ওপর এই ভাইরাস বিভিন্ন মেয়াদে বেঁচে থাকতে পারে। বিশেষ করে প্লাস্টিকে এই ভাইরাসের স্থায়িত্বকাল ২৪ ঘণ্টা বা তারও বেশি হতে পারে। যদিও এই মেয়াদ নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর বলেন, গ্লাভস পরার পরও আমরা সব ধরনের জিনিস ধরছি, মুখ স্পর্শ করছি। এর পর রাস্তাঘাটে মাস্ক বা গ্লাভস ফেলে দিচ্ছেন। সুরক্ষা বর্জ্য সঠিকভাবে না ফেলা মানে নিজেরাই একে অপরের জন্য ঝুঁকি তৈরি করা।
যেভাবে এসব সুরক্ষা সামগ্রী ফেলতে হবে
যেহেতু বোঝার উপায় নেই কোন বাড়িতে কার করোনাভাইরাস আছে। তাই এসব সামগ্রী জীবাণুমুক্ত করে ব্যাগে ভরে ব্যাগের মুখ বন্ধ করে তার পর ফেলা উচিত।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৯ জুন ২০২০/এমএম





