বাংলানিউজসিএ ডেস্ক :: করোনার প্রভাবে দেশের পুঁজিবাজারে যে ধস নেমেছে তা কাটিয়ে উঠতে আগামীকাল বুধবার থেকে দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগ শুরু করবে। এতে করে পুঁজিবাজারের ধস ঠেকানো যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।সোমবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠকে বসেন দেশের সব বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।
দেশের ব্যাংকগুলো পুঁজিবাজারের বিনিয়োগ করতে ব্যাংকার আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে সবাই আতঙ্কগ্রস্ত। আমরা আজকে বসেছি যাতে তাদের জন্য কিছু করতে পারি কী না। এক্ষেত্রে আমাদের ব্যাংকগুলো হলো প্রাথমিক উত্স। তারা সবাই আশ্বস্ত করেছেন, তারা পুঁজিবাজারে বিনিয়োগ করবেন কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, দেশের পুঁজিবাজার উঠছিল। হঠাত্ করে করোনা ভাইরাস আসার পর ভয় পেয়ে অনেকে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এখনই ঐ ২০০ কোটি টাকা যেটা দেওয়া হয়েছে সেখানে প্রায় ১০ হাজার কোটি টাকার মতো আছে। এখনই ঐ টাকার সত্ ব্যবহার করা উচিত। বাংলাদেশ ব্যাংক যে শর্ত দিয়েছে তাতে প্রত্যেকটি ব্যাংক রাজি হয়েছে। শর্ত সাপেক্ষেই বুধবার থেকে আমরা শেয়ার কেনার জন্য বসব।
তিনি আরো বলেন, এখানে প্রায় ৫০টির মতো ব্যাংক রয়েছে। সবাই ২০০ কোটি টাকা করে একবারে কিনবে না। ক্রমান্বয়ে কিনবে। এটা মনিটরিং করা হবে বাংলাদেশ ব্যাংক থেকে।এ সময় অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান আলী রেজা ইফতেখার বলেন, পুঁজিবাজারে এখন যে স্থবিরতা বিরাজ করছে, আস্তে আস্তে সেখান থেকে বের হয়ে আসতে হবে। এটাই ছিল সভার মূল বিষয়।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৭ মার্চ ২০২০ /এমএম





