Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: দেয়ালে লেখা ‘আমার শক্তি একটাই যে আমি আমার জনগণকে ভালোবাসি। আর দুর্বলতা, আমি এদের প্রাণের চেয়েও ভালোবাসি।’দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার এই বাণী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বাণিজ্য মেলার বঙ্গবন্ধু প্যাভিলিয়নে শোভা পেয়েছে তার এমনই অনেকে বাণী।

নানাভাবে সাজানো প্যাভিলিয়নটিকে ঘিরে সারাদিন মানুষের আনাগোনায় ভরে থাকে। তারা এখানে এসে বঙ্গবন্ধুকে নানাভাবে জানতে পারেন। মুজিববর্ষ উপলক্ষে বাণিজ্য মেলায় এই প্যাভিলিয়ন নির্মাণ করা হয়েছে, যা এই পুরো জানুয়ারি মাস বাণিজ্য মেলায় আগতরা ঘুরে দেখতে পারবেন।সরেজমিন বাণিজ্য মেলায় ঘুরে দেখা গেছে, বঙ্গবন্ধু প্যাভিলিয়নটিকে ঘিরে নানা বয়সী মানুষের আগ্রহের কমতি নেই। এই প্যাভিলিয়নের সামনেই রয়েছে বঙ্গবন্ধুর একটি ছোট আকৃতির ভাস্কর্য।

যাতে তর্জনী উঁচিয়ে বঙ্গবন্ধু ভাষণরত। প্যাভিলিয়নের ভেতরে যেতেই ভরে যায় মনপ্রাণ। সেখানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা নানা বইয়ের ডিসপ্লে করা হয়েছে। রয়েছে তাকে নিয়ে গ্রাফিক নভেল। যে কেউ চাইলে সে বইগুলো কিনে নিতে পারছেন। রয়েছে বঙ্গবন্ধুর নানা সময়ের আলোকচিত্র।আরেক পাশে রয়েছে মুজিব কোট, বঙ্গবন্ধুর সেই চিরচেনা চশমা ও পাইপের রেপ্লিকা। দেয়ালের একপাশে লেখা রয়েছে বাঙালির মুক্তির সনদ ৬ দফা। আরেক পাশে রয়েছে জেলের আকৃতি দিয়ে তাতে লেখা বঙ্গবন্ধুর জেলজীবন ৪,৬৮২ দিন। নানাভাবে উঠে এসেছেন বঙ্গবন্ধু।

প্যাভিলিয়নের ভেতরে দিনে কয়েকবার বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। সেই ভাষণ দেখতে ও শুনতে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে।সেখানে আরও প্রদর্শন করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইটের ওপর তথ্যচিত্র। কম্পিউটার অপারেটিংয়ের দায়িত্বে থাকা শাহীন আক্তার শীলা বলেন, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নানা সময়ে এই প্রদর্শনী চলতে থাকে। প্রচুর মানুষের সমাগম হয় প্রতিদিন। অনেক সময় ভিড় লেগে যায়।

বাণিজ্য মেলার বঙ্গবন্ধু প্যাভিলিয়নে আসা তরুণ সজীব ইসলাম যুগান্তরকে বলেন, বঙ্গবন্ধুকে নানাভাবে জানাবার সুযোগ করে দিচ্ছে এই প্যাভিলিয়ন। আমি নিজেও বঙ্গবন্ধুর অনেক ভাবনার সঙ্গে পরিচিত ছিলাম না। কিন্তু এখানে আসার পর আমি বাণীগুলো দেখে বঙ্গবন্ধুকে নতুন করে জানতে পারছি।আগত আরেক দর্শক পল্লব মোহন যুগান্তরকে বলেন, মুজিববর্ষ উপলক্ষে যেসব উদ্যোগ নেয়া হয়েছে সেগুলো আমাদের বঙ্গবন্ধুকে নানাভাবে জানবার সুযোগ করে দিচ্ছে। পাশাপাশি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন তা আমাদের কাছে নানা দিক থেকে ধরা দিচ্ছে।

বঙ্গবন্ধু প্যাভিলিয়নের একপাশে ধরা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার নানা চিত্র, যার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু। আর তার কন্যা যেভাবে তার পিতার সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন তার চিত্রপটগুলো সেখানে বেশ দৃঢ় প্রত্যয়ের সঙ্গে তুলে ধরা হয়েছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৪ জানুয়ারি ২০২০ /এমএম


Array