Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মিয়ানমারের সংঘাতকবলিত রাখাইন রাজ্যে একটি বাজার এলাকার কাছে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ওই অঞ্চলের নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) ও স্থানীয় ত্রাণকর্মীরা।

গতকাল (সোমবার) রাখাইনের উত্তরাঞ্চলের নদীতীরবর্তী শহর কিয়াউকটাওয়ের একটি বাজারসংলগ্ন এলাকায় এ হামলা চালানো হয়। স্থানীয় একটি ত্রাণ দলের দায়িত্বশীল ব্যক্তি ওয়াই হুন আং হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হামলার স্থানটি মূল যুদ্ধক্ষেত্র থেকে বেশ দূরে ছিল। চলমান সশস্ত্র সংঘাতের সঙ্গে ওই এলাকার সরাসরি কোনো যোগসূত্র বা সম্পৃক্ততাও ছিল না।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করছে আরাকান আর্মিসহ একাধিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী।

তবে সর্বশেষ বিমান হামলার বিষয়ে মিয়ানমার সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে মিয়ানমারের সামরিক বাহিনী দাবি করে আসছে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে তারা সর্বোচ্চ সংযম প্রদর্শন করে। তবে স্থানীয় পর্যবেক্ষকদের মতে, গত ডিসেম্বরে রাখাইনের একটি হাসপাতালে চালানো প্রাণঘাতী বিমান হামলার পর সর্বশেষ ঘটনাটি রাজ্যে বেসামরিক প্রাণহানির দিক থেকে সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৯ সেপ্টেম্বর ২০২৬/এএ


Array