প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ভোররাত থেকে রাজধানীজুড়ে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও সামান্য বিরতি দিয়ে তীব্র বৃষ্টিপাত হতে দেখা গেছে। এর আগে ঝড়ো বাতাস বয়ে যায়। তবে কিছু সময় পরপর বজ্রপাতের শব্দ শোনা গেছে।
এদিকে রাজধানীর বিভিন্ন সড়কে এক থেকে দেড় ফুট পরিমাণ পানি জমতে দেখা গেছে। এ সময় সড়কে বাস, লরি, মাইক্রোবাস ও মোটরসাইকেল চালকদের গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, সাইন্সল্যাব, শাহবাগ, পল্টন, ফার্মগেট, মহাখালী, বাড্ডা, রামপুরা, মালিবাগসহ বিভিন্ন এলাকায় অবস্থানরত এশিয়া পোস্টের প্রতিবেদকদের পাঠানো খবরে বৃষ্টিপাতের এসব তথ্য উঠে আসে।
টানা বৃষ্টিপাতের ফলে বিপাকে পড়েছেন সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষজন। মোহাম্মপুর, ধানমন্ডি ও সাইন্সল্যাব মোড়ে অফিসগামী মানুষজনকে গণপরিবহনের জন্য অপেক্ষারত দেখা গেছে।
এদিকে কাঙ্খিত যাত্রী না পেয়ে ঢাকার মিনিবাসগুলোকে সড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ফারহান হাসনাত নামে এক চাকরিজীবী এশিয়া পোস্টকে বলেন, তুমুল বৃষ্টির কারণে রাস্তায় বাসের স্বল্পতা ছিল। সড়কে যানবাহন কম থাকায় অফিসে পৌছাতে দেরি হচ্ছে। সড়কে জলাবদ্ধতা থাকায় হাঁটু পর্যন্ত ভিজে গেছে। এখন ভিজা কাপড়েই আমাকে অফিসে যেতে হচ্ছে।
বসিলা থেকে রাজধানীর পল্টনগামী যাত্রী এনামুল বলেন, সকাল ৮টায় আমার অফিস। এক ঘণ্টা সময় নিয়ে বের হয়েছি। কিন্তু বাস যাত্রী না পেয়ে সামনে এগোচ্ছে না। ৩০ মিনিটের পথ ৫০ মিনিটেও ধানমন্ডি পার হতে পারিনি। জানিনা ঠিক কখন পৌছাবো। সড়কে রিকশা কিংবা অটোরিকশাও নেই যে তাতে করে তাড়াহুড়ো করে অফিসে যাবো। এদিকে আবার সড়কে পানি জমে আছে। সবমিলিয়ে খুবই দুর্যোগপূর্ণ আবহাওয়া আজ।
এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছিল, আজ ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে গত ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২০ সেপ্টেম্বর ২০২৬/এএ





