Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৪ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে শাফাক নিউজ জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) মাত্র ৯টি জাহাজ প্রণালিটি পার হয়েছে। এর আগের দিন পার হয়েছিল ৫টি। আগস্টে প্রতিদিন গড়ে ১২টি জাহাজ এই পথ ব্যবহার করেছিল। কেপ্লারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার মাত্র দুটি জাহাজ হরমুজ পার হয়েছে। আরেকটি তেলবাহী জাহাজ উপসাগরের দিকে যাচ্ছিল। তবে তিনটি জাহাজের কোনোটিতেই তেল ছিল না। হরমুজে আরও দুটি জাহাজে হামলার পর নৌযান চলাচল কমে গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা প্রয়োজনে অনির্দিষ্টকাল নৌ অবরোধ চালিয়ে যেতে পারে।

১৪ জুলাই থেকে ইরানের ওপর নৌ অবরোধ পুনরায় চালুর পর এখন পর্যন্ত ৬২টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে মার্কিন বাহিনী। এ ছাড়া তিনটি জাহাজের চলাচল বন্ধ করা এবং আরও দুটি জাহাজে উঠে তল্লাশি চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বৃহস্পতিবারও হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলার ঘটনা ঘটে। সংযুক্ত আরব আমিরাত এ ঘটনায় ইরানকে দায়ী করেছে। তবে ইরান তাৎক্ষণিকভাবে এ অভিযোগের জবাব দেয়নি।

এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, অবরোধ কার্যকর রাখতে মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় নৌবাহিনীর উপস্থিতি বজায় রাখার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। অর্থনৈতিক চাপও আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। সূত্র: শাফাক নিউজ

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৫ আগস্ট ২০২৬/এএ


Array