প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জুলাই মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়বে নাকি কমবে, সেই অপেক্ষার অবসান হচ্ছে আজ। সৌদি আরামকোর জুলাই মাসের সৌদি সিপির ভিত্তিতে নতুন মূল্য নির্ধারণ করে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টায় ঘোষণা দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
গতকাল বুধবার (১ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সৌদি আরামকো ঘোষিত জুলাই (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।
এর আগে গত ২ জুন সর্বশেষ সমন্বয় করা হয় এলপিজির দাম। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়। এলপিজির পাশাপাশি বৃহস্পতিবার অটোগ্যাসের নতুন দামও ঘোষণা করা হবে।
এর আগে গত ২ জুন সর্বশেষ সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। সে সময় ভোক্তা পর্যায়ে ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০২ জুলাই ২০২৬/এএ





