Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আগামী ১৯ মে (মঙ্গলবার) দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার এ তথ্য জানিয়েছে ক্রেমলিন।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, সফরকালে পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে মস্কো ও বেইজিংয়ের মধ্যে ‘ব্যাপক অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা অধিকতর জোরদার করার’ উপায় নিয়ে আলোচনা করবেন।

পুতিন চীনা প্রিমিয়ার লি কিয়াংয়ের সাথে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার বিষয়েও আলোচনা করবেন বলে নির্ধারিত রয়েছে।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, পুতিনের এই সফরটি ২০০১ সালে স্বাক্ষরিত মস্কো-বেইজিংয়ের একটি অন্যতম প্রধান চুক্তি ‘গুড-নেইবারলিনেস অ্যান্ড ফ্রেন্ডলি কোঅপারেশন’ (সদ্ভাব ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা) চুক্তির ২৫তম বার্ষিকী উদযাপনের সাথে মিলিয়ে সূচি করা হয়েছে।

উল্লেখ্য-গত প্রায় এক দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বেইজিং সফর শেষ করে ডোনাল্ড ট্রাম্প চীন ত্যাগ করার ঠিক একদিন পরই পুতিনের এই আসন্ন সফরের খবরটি সামনে এলো। সূত্র : আল-জাজিরা।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৬ মে ২০২৬/এএ


Array