Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিলো মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েত। এবার প্রায় দুই মাসের অচলাবস্থার পর বন্ধ থাকা নিজেদের আকাশসীমা আবারও চালু করেছে দেশটি। তবে আকাশসীমা খুললেও মেরামতের মাধ্যমে ধাপে ধাপে স্বাভাবিক কার্যক্রমে ফিরবে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। খবর গালফ নিউজের।

শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে বলা হয় , প্রায় দুই মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমা পুনরায় চালু করেছে কুয়েত। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা কুনা জানিয়েছে, ধীরে ধীরে ফ্লাইট চলাচলও শুরু হবে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে আঞ্চলিক পরিস্থিতির কারণে সতর্কতামূলকভাবে কুয়েতের আকাশসীমায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। এখন ধাপে ধাপে কার্যক্রম পুনরায় চালুর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রোববার থেকে নির্দিষ্ট কিছু গন্তব্যে ৪ ও ৫ নম্বর টার্মিনাল দিয়ে ফ্লাইট চলাচল শুরু হবে।

কুয়েতের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান শেখ হামুদ মুবারক আল সাবাহ বলেন, দেশীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে ফ্লাইট কার্যক্রম চালু করা যায়। তিনি জানান, পরিকল্পিত ধাপে ধাপে ফ্লাইট চলাচল শুরু করার প্রক্রিয়ার অংশ এবং পর্যায়ক্রমে পুরোপুরি স্বাভাবিক কার্যক্রম চালু করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলা ও সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রমে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তার মূল্যায়ন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রযুক্তিগত দলগুলো বিমানবন্দরের কার্যক্রম পুনরুদ্ধারে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করছে।

প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু গন্তব্যে সীমিত পরিসরে ফ্লাইট চালু হবে। প্রতিটি ধাপ পর্যবেক্ষণের মাধ্যমে পরবর্তী ধাপে কার্যক্রমের বিস্তার ঘটানো হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায়। এরপর ইরান পালটা হামলা হিসেবে অন্যান্য স্থাপনার মতো কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকেও লক্ষ্যবস্তু বানায়।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৪ এপ্রিল ২০২৬/এএ


Array