প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে আবারও একাধিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা সূত্রের খবর অনুযায়ী, রোববার (১৯ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৬টা ১০ মিনিটে দেশটির সিনপো এলাকা থেকে পূর্ব উপকূল লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়।
চলতি বছরে এটি উত্তর কোরিয়ার সপ্তম এবং চলতি মাসের মধ্যে চতুর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, এই ঘটনার পর তারা তাদের নজরদারি ব্যবস্থা জোরদার করেছে এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে সার্বক্ষণিক তথ্য বিনিময় করছে।
জাপান সরকারে সংশ্লিষ্ট দপ্তর জানাচ্ছে, ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের কাছাকাছি সমুদ্রে পড়েছে। তবে এর ফলে কাছাকাছি অবস্থানের জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এই আকস্মিক ঘটনার পরপরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে একটি জরুরি নিরাপত্তা বৈঠক ডাকা হয়েছে।
যদিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, তবে উত্তর কোরিয়া সেই তোয়াক্কা না করে একে তাদের আত্মরক্ষার সার্বভৌম অধিকার বলে দাবি করে আসছে।
এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি গত বুধবার এক সতর্কবার্তায় জানান, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক সক্ষমতায় আশঙ্কাজনক উন্নতি ঘটিয়েছে এবং ধারণা করা হচ্ছে তারা নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রও চালু করেছে।
উত্তের কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনও জানিয়েছেন, পারমাণবিক শক্তি হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান এখন অপরিবর্তনীয় এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এই কর্মসূচি আরও জোরদার করা হবে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২০ এপ্রিল ২০২৬/এএ





