প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ায় নিরাপদ বিনিয়োগে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। তবে মার্কিন ডলারের পুনরুদ্ধার দাম বাড়ার গতি সীমিত রেখেছে।
স্পট স্বর্ণের দাম আউন্সপ্রতি ০.৪ শতাংশ বেড়ে ৫,১৫৩.১১ ডলারে দাঁড়িয়েছে (০৬৩৮ জিএমটি)। এপ্রিল ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার্স ০.৫ শতাংশ বেড়ে ৫,১৬১.৩০ ডলারে লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, অনিশ্চয়তা বাড়লে বিনিয়োগকারীরা সাধারণত স্বর্ণের দিকে ঝোঁকেন। ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, বর্তমান সংকট দীর্ঘমেয়াদে স্বর্ণের দামের পক্ষে কাজ করতে পারে। তবে যুদ্ধ পরিস্থিতি কতদূর গড়াবে, তা নিয়ে অনিশ্চয়তা থাকায় বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।
বিনিয়োগকারীদের নজর এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং ডলারের গতিপ্রকৃতির দিকে। বিশ্লেষকদের মতে, সংঘাত যদি আরও তীব্র হয়, তাহলে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়তে পারে। তবে ডলার শক্তিশালী থাকলে স্বর্ণের ঊর্ধ্বগতি সীমিত হতে পারে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/৫ মার্চ ২০২৬/এএ





