প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশে আরও ৬টি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ছয়টি জেলায় এ বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হবে। জেলাগুলো হলো কক্সবাজার, ভোলা, নড়াইল, রাজবাড়ী, জয়পুরহাট ও বরগুনা। বিশ্ববিদ্যালয়গুলোয় ভৌগোলিক ও অবস্থান বিবেচনায় কোন কোন বিষয় পড়ানো যেতে পারে, সেটাও উলেখ করেছে ইউজিসি। বৃহস্পতিবার ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানের সই করা চিঠিতে এ সুপারিশ করা হয়।
চিঠিতে বলা হয়, রাজবাড়ীতে সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হলো। ওই জেলার পাশের দুটি জেলায় (পাবনা ও কুষ্টিয়া) পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও দূরত্ব বিবেচনায় রাজবাড়ীতে সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপন করা যেতে পারে।দেশের একমাত্র দ্বীপজেলা ভোলা। এ জেলাটি দ্বীপ হওয়ায় পার্শ্ববর্তী জেলাগুলোর সঙ্গে এর দূরত্ব অনেক। জেলাটিতে বর্তমানে কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়। ভৌগোলিক অবস্থান বিবেচনায় এ বিশ্ববিদ্যালয়ে মৎস্য বিজ্ঞান, দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা এবং সমুদ্রবিজ্ঞান বিষয়কে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব করা হয়।
জয়পুরহাটে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করে বলা হয়, এ জেলায় নতুন বিশ্ববিদ্যালয়ে পঠিত বিষয় হিসাবে ভৌগোলিক অবস্থান ও খনিপ্রাপ্তি বিবেচনায় কৃষি, ভ‚তত্ত্ব ও খনিবিদ্যা এবং প্রত্মতত্ত্বকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।কক্সবাজারে সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করে বলা হয়েছে, ভৌগোলিক অবস্থান বিবেচনায় সেখানে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, সমুদ্রবিজ্ঞান, দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা, মৎস্যবিজ্ঞান বিষয়কে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
অন্যদিকে নড়াইলে ‘এসএম সুলতান বিশ্ববিদ্যালয়’ নামে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছে ইউজিসি। শিল্পী সুলতানের স্মৃতিবিজড়িত স্থান হওয়ায় এ বিশ্ববিদ্যালয়ে চারুকলাকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে বলে মতামত দেওয়া হয়।এছাড়া বরগুনা থেকে পার্শ্ববর্তী জেলাগুলোয় কম দূরত্বে বর্তমানে কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় এ জেলায় সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ভৌগোলিক অবস্থান বিবেচনায় এ বিশ্ববিদ্যালয়ে মৎস্যবিজ্ঞান, দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা, সমুদ্রবিজ্ঞান, জলবায়ু সহনশীল কৃষি এবং প্রাকৃতিক সম্পদ আহরণসংক্রান্ত বিষয়কে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৫ অক্টোবর ২০২৩ /এমএম





