প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বেতন দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি হলো বিশ্বখ্যাত টেক জায়ান্ট গুগল।আকর্ষণীয় নানা সুযোগ-সুবিধার কারণে অনেকেরই স্বপ্ন থাকে গুগলের মতো প্রতিষ্ঠানে কাজ করার। তবে এ ক্ষেত্রে গণিত ও কম্পিউটিং, বিশেষ করে কোড লেখায় তুখোড় হওয়া ছাড়াও প্রয়োজন হয় নানা গুণাবলির। সেই গুগল টিমে এবার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী মনিকৃষ্ণ রায় ।
মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রভাষক অনুপ মজুমদার।তিনি গুগলের ক্যালিফোর্নিয়ার সান ব্রুনো অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন। এদিকে গুগলে যোগ দেবার খবরটি মনিকৃষ্ণ রায় নিজেই তার ফেসবুক টাইমলাইনে শেয়ার করেছেন।মনিকৃষ্ণ রায় গুগলে যোগদানের পূর্বে বিশ্বখ্যাত ইলেকট্রনিকস পণ্য সামগ্রী বিক্রির প্রতিষ্ঠান স্যামসাংয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
বিভাগের শিক্ষার্থী মনিকৃষ্ণ রায়ের এমন সাফল্য উচ্ছ্বসিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও। বিভাগের শিক্ষক অনুপ মজুমদার বলেন, “আমাদের বিভাগের শিক্ষার্থীরা বিশ্বের সেরা সেরা টেক জায়ান্ট প্রতিষ্ঠানে আইটি এক্সপার্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছে। প্রতিবছরই বিভিন্ন টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগল, ফেসবুকে নিয়োগ পাচ্ছে। যা আমাদের বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। ছাত্রদের সাফল্যের গল্প আজ দেশ ও বিদেশে সমানভাবে সমাদৃত। মনিকৃষ্ণ রায়ের এই সাফল্য অর্জন বর্তমান শিক্ষার্থীদের এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে”।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ জুন ২০২২ /এমএম





