বাংলানিউজসিএ ডেস্ক :: বিশ্ব জুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনো ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। রোববার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৪১৮ জনে এবং আক্রান্তের সংখ্যা ৮৯ লাখ ১৪ হাজার ৭৮৭ জন। অপরদিকে ৪৭ লাখ ৩৮ হাজার ৫৪২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে সংক্রমণ ছড়িয়েছে এই প্রাণঘাতী ভাইরাস। করোনার তথ্য প্রকাশকারী ওয়েবসাইট কভিডভিজ্যুয়ালাইজার থেকে এ তথ্য জানা গেছে।আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৭০ হাজার ১৩৯ জন, মৃত্যু হয়েছে ৫০ হাজার ৫৮ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৬ হাজার ৯৫২ জন, মৃত্যু হয়েছে ৮০০২ জনের।
আক্রান্তের দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৭২৭ জন এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ২৭৭ জনের।আক্রান্তের দিক দিয়ে পঞ্চম এবং মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে থাকা ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩ হাজার ১১০ জন এবং মৃত্যু হয়েছে ৪২ হাজার ৫৮৯ জনের।
২০১৯ সালের ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। নিউমোনিয়ার মতো লক্ষণ নিয়ে নতুন এ রোগ ছড়াতে দেখে চীনা কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এরপর ১১ জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়। করোনাভাইরাসের লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলা ব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট।
উপসর্গগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মতো। এই রোগ মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরনো রোগীদের ক্ষেত্রে ডেকে আনতে পারে মৃত্যু। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৪ জুন ২০২০ /এমএম





