বাংলানিউজসিএ ডেস্ক :: নিউইয়র্ক পুলিশ বিভাগের ট্রাফিক এনফোর্সমেন্ট-এর সেকশন কমান্ডার মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৬৪ বছর। স্থানীয় সময় রবিবার বিকাল সাড়ে ৫টায় তিনি নিউইয়র্ক সিটির কুইন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।প্রায় তিন সপ্তাহ আগে মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হন। এক সপ্তাহ আগে তিনি এই হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে তিনি আইসিইউতে ভেন্টিলেশনে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, চার ভাই, এক বোন এবং পরিবারের বিপুল সদস্য, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন। তার মেঝ মেয়ে এ বছর ডাক্তারি পাশ করেছেন।
জানা গেছে, বাংলাদেশি আমেরিকানদের মধ্যে মুজিবুর রহমান চৌধুরীই প্রথম এবং এনওয়াইপিডির ট্রাফিক বিভাগের নির্বাহী কর্মকর্তার পদ সেকশন কমান্ডার পদে কর্মরত ছিলেন। তার মৃত্যু সংবাদে বাংলাদেশী কমিউনিটি এবং এনওয়াইপিডির সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী দীর্ঘদিন চাকুরীকালে নিষ্ঠা ও কর্তব্যপরায়নতার জন্য এনওয়াইপিডি থেকে সম্মানিত হয়েছেন। তার পরিবারের সবাই যুক্তরাষ্ট্র প্রবাসী। তিনি ১৯৮২ সালে অভিবাসী হন। আদি বাড়ী ব্রাহ্মণবাড়িয়া হলেও তাঁর জন্ম ও বেড়ে ওঠা ঢাকার রাজাবাজারে। মির্জাপুর ক্যাডেট কলেজের পঞ্চম ব্যাচের ছাত্র ছিলেন মুজিবুর চৌধুরী। পরিবার ও তার বন্ধুমহলে ‘নিনি’ নামে পরিচিত ছিলেন তিনি।
মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী ১৯৯০ সালে নিউইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগে যোগ দেন। তিনি প্রথম দিকের একজন বাংলাদেশী-আমেরিকান ট্রাফিক এজেন্ট। তিনি-ই একমাত্র বাংলাদেশী যিনি এখন পর্যন্ত এনওয়াইপিডি’র এনফোর্সমেন্ট কমান্ডার-এর সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। ১৯৯৬ সালে তিনি সিটির ট্রাফিক সুপারভাইজার হিসেবে পদোন্নতি লাভ করেন। পরবর্তীতে নিজের কর্ম দক্ষতায় ২০০৯ সালে ট্রাফিক ম্যানেজার হিসেবে পদোন্নতি পান। ২০১৬ সালে চাকুরী জীবনের ২০ বছরে সঠিক উপস্থিতির জন্য তিনি সম্মাননা পদক লাভ করেন। ২০১৮ সালে তিনি সেকশন কমান্ডার হিসেবে পদোন্নতি লাভ করেন।মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরীর মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মরহুমের আত্মীয় এবং নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান। বাংলাদেশ-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) মুজিবুর রহমান চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২০ এপ্রিল ২০২০/এমএম





