Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: বাংলাদেশে যান্ত্রিক অপ্রতুলতা এবং দক্ষ জনবল না থাকার কারণে প্রয়োজনের তুলনায় করোনা টেস্ট হচ্ছে খুবই কম। তবে পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) মেশিন আর পরিচালনার দক্ষ জনবল থাকা সত্ত্বেও শুধুমাত্র ল্যাবের নিরাপত্তার অভাবে করোনা পরীক্ষার ক্ষেত্রে তা কাজে লাগাতে পারছে না শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)।সরকার দ্রুত ল্যাবের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে তা ঢাকার করোনা পরীক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

শেকৃবির অ্যানিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগ, কৃষি অনুষদের প্ল্যান্ট প্যাথলজি বিভাগ, জেনেটিক অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগ, বায়োটেকনোলোজি বিভাগের অধীনে ৬টিরও অধিক পিসিআর মেশিন রয়েছে। করোনা শনাক্তে এসব মেশিন ব্যবহৃত হয়।

তাছাড়া বর্তমান পরিস্থিতিতে করোনা পরীক্ষার জন্য মেশিনগুলো পরিচালনার জন্য উক্ত বিভাগগুলোতে রয়েছে বেশ কয়েকজন আগ্রহী শিক্ষক।করোনা পরীক্ষার ক্ষেত্রে যেকোনো ল্যাবেই নিরাপত্তা অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয়ের উক্ত বিভাগগুলোর অধীনে থাকা এসব ল্যাবে কোনোটিতেই শক্তিশালী জৈব নিরাপত্তা বা বায়োসেফটি লেভেল নেই।যেহেতু করোনা রোগের জন্য দায়ী কোভিড-১৯ অতি ক্ষুদ্র একটি ভাইরাস, তাই এসব নিয়ে কাজ করা ল্যাব গুলোর বায়োসেফটি লেভেল কমপক্ষে দুই থেকে তিন থাকতে হয়।

বিভিন্ন ভাইরাস নিয়ে কাজ করা শেকৃবির প্ল্যান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. বেলাল হোসাইন যুগান্তরকে বলেন, আমাদের এখানে উদ্ভিদের ভাইরাস নিয়ে কাজ করাতেই ল্যাবে নিরাপত্তায় কিছুটা ঘাটতি রয়েছে, তবে দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে ল্যাবগুলো করোনা টেস্টের উপযোগী করা সম্ভব হবে যদি এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সরকার এগিয়ে আসে।তিনি বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের ভেতরেই আবাসিক ভবনগুলো, তাই ল্যাবের নিরাপত্তা আগে প্রয়োজন। নিরাপত্তা নিশ্চিত করলে নমুনা সংগ্রহ করে টেস্ট করা যাবে।

শেকৃবির উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, কিছুদিন আগে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে কথা হয়েছে। আমি তাদের জানিয়েছি আমাদের পিসিআর মেশিন ও দক্ষ প্রফেসর রয়েছে কিন্তু ল্যাবগুলোতে যেসব সেফটি থাকা দরকার তা নাই। এরপর তারা আমার সঙ্গে আর যোগাযোগ করেননি। তবে সরকার যদি ল্যাবের নিরাপত্তায় প্রয়োজনীয় সহযোগিতা করে তাহলে আমরা করোনা পরীক্ষা করতে পারবো।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২০ এপ্রিল ২০২০/এমএম


Array