Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীতে হরতালের ডাক দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। তবে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

রোববার সকালে সরেজমিনে দেখা যায়, অন্যান্য দিনের মতোই কলা ভবন, কার্জন হল ও সামাজিক বিজ্ঞান অনুষদ ক্লাস-পরীক্ষা চলমান। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিয়মিত বিভিন্ন রুটে অন্যান্য দিনের মতো সঠিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করেছে।

হরতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলে কোন ধরনের সমস্যা হয়েছে কি না এ বিষয়ে জানতে টাকা বিশ্ববিদ্যালয় পরিবহণ ম্যানেজার কামরুল ইসলাম বলেন, অন্যান্য দিনের মতো সঠিক সময়ে আমাদের বাস চলাচল করছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. কে এম গোলাম রব্বানী বলেন, আমাদের ক্লাস পরীক্ষা যথারীতি চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে, শনিবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে ঢাকা শহরে হরতালের এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডাকা হয়। এ সময় ফখরুল ইসলাম বলেন, আমরা যে আশঙ্কা করছিলাম তা সত্য হয়েছে। পূর্বের ন্যায় নির্বাচন কমিশনকে ব্যবহার করে তাদের মতো করে ভোট কেন্দ্র দখল করেছে। সরকার অন্তত সচেতনভাবে গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাদের মূল লক্ষ্য এক দলীয় শাসন প্রতিষ্ঠা করা।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০২ ফেব্রুয়ারি ২০২০ /এমএম


Array