Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: সৌদি আরবে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত মোহাম্মেদ আজমি তাসিম এবং আফগানিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ জালাল করিমকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। মঙ্গলবার রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারের ম্যরিয়ট হোটেলে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় রাষ্ট্রদূত শ্রীলংকা ও আফগানিস্তানের সাথে বাংলাদেশের আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তাদের ধন্যবাদ জানান। গোলাম মসীহ সৌদি আরবে রাষ্ট্রদূতদের সাথে বিভিন্ন বিষয়ে কাজের অভিজ্ঞতাকে অত্যন্ত চমৎকার বলে উল্লেখ করেন। তিনি বলেন, ভবিষ্যতে বিভিন্ন ইস্যুতে দেশ দুটির সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে।

এসময় শ্রীলংকা ও আফগানিস্তানের রাষ্ট্রদূতদ্বয় দীর্ঘদিন সৌদি আরবে সফলভাবে দায়িত্ব পালন করায় গোলাম মসীহ বিদায়ী রাষ্ট্রদূতদের ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। রিয়াদের ডিপ্লোম্যাটিক কোরের ডীন জিবুতির রাষ্ট্রদূত সায়ীদ বামাখরামা শ্রীলংকা ও আফগানিস্তানের রাষ্ট্রদূতদের শুভেচ্ছা জানান। তিনি বিদায়ী সংবর্ধনা আয়োজনের জন্য বাংলাদেশের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

এছাড়াও অনুষ্ঠানে সৌদি আরবে নবনিযুক্ত মরিশাসের রাষ্ট্রদূত শওকত আলী ও কসোভোর রাষ্ট্রদূত লুলজিম মেকুকে পরিচয় করে দেওয়া হয়। বিভিন্ন দেশের ২৭ জন রাষ্ট্রদূত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন। এসময় দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ৩০ জানুয়ারি ২০২০ /এমএম


Array