বাংলানিউজসিএ ডেস্ক :: ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) দুই ছাত্র আহত হয়েছেন।রোববার দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহী মহানগরীর দড়িখড়বোনা মোড়ে এ ঘটনা ঘটে।আহত দুই শিক্ষার্থী হলেন এমবিবিএস পঞ্চম বর্ষের ছাত্র মিরু আহমেদ (২৩) এবং চতুর্থ বর্ষের ছাত্র আতিকুল ইসলাম (২৩)।
তাদের দজনেরই বাম পায়ের হাঁটুর ওপরে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। মিরুর পায়ে ছয়টি এবং আতিকুলের ১২টি সেলাই লেগেছে।এই দুইজনের সঙ্গে আপন হোসেন (২৩) নামে আরেক শিক্ষার্থী ছিলেন। তিনি আহত হননি। আপন রামেকের পঞ্চম বর্ষের ছাত্র।
জানা গেছে, রোববার রাতে তিন ছাত্র রিকশায় চড়ে রামেকের হোস্টেলে ফিরছিলেন। পথে ধারালো অস্ত্রধারী দুই ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা মিরুর একটি স্মার্টফোন ও মানিব্যাগসহ ১ হাজার ৮০০ টাকা নিয়ে গেছে। আতিকুলেরও মানিব্যাগ এবং স্মার্টফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। তার মানিব্যাগে প্রায় ৭০০ টাকা ছিল। আর আপনের শুধু মানিব্যাগ নিয়ে গেছে ছিনতাইকারীরা।
আহত মিরু জানান, মাঝে মাঝেই তারা রাজশাহী বাস টার্মিনাল এলাকায় হোটেলে খেতে যান। রোববার দিবাগত রাতেও তিনজন কলেজের হোস্টেল থেকে খেতে যান। রাত আড়াইটার দিকে তারা তিনজন হোটেল থেকে খেয়ে রিকশায় চড়ে হোস্টেলে ফিরছিলেন।
তিনি জানান, পথে নগর ভবনের সামনের সড়কে দুই ছিনতাইকারী রিকশার সামনে দাঁড়িয়ে যায়। এ সময় একজনের হাতে রামদা এবং অপরজনের কাছে ছুরি ছিল। যার কাছে ছুরি ছিল সে আঘাত করা শুরু করে। আরেকজন তাদের তিনজনের কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয়। পরে ওই রিকশাটি তাদের হাসপাতালে আনে।
এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মণ জানান, ছিনতাইয়ের বিষয়টি তিনি শুনেছেন। হাসপাতালে খোঁজ নেয়া হয়েছে। আহত দুই ছাত্র চিকিৎসাধীন। তারা সুস্থ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২১ জানুয়ারি ২০২০ /এমএম





