বাংলানিউজসিএ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সাত কলেজের কেন্দ্রে শুক্রবার সকালে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ১১ হাজার ৬৩০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২০ হাজার ১৫০টি।
ঢাবি ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
ঢাবি প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত : একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ‘প্রযুক্তি ইউনিট’-এর ১ম বর্ষ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসের মোট ১৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রযুক্তি ইউনিটে ১ হাজার ৩৯৫টি আসনের বিপরীতে আবেদনকারী ছিল ৯ হাজার ৫০১ জন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ৩০ নভেম্বর ২০১৯ /এমএম





