প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১০ দিনের ছুটির সুযোগ পাচ্ছেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। দুর্গাপূজার নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হচ্ছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন ও ছুটির তালিকা অনুযায়ী ছুটির সময়সূচিতে ভিন্নতা থাকতে পারে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরাও টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এ সুযোগ তৈরি হয়েছে।
২০২৬ সালের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ও পরে সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি মিলিয়ে শিক্ষার্থীদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ রয়েছে। সব মিলিয়ে ক্যালেন্ডার অনুযায়ী ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হচ্ছে।
এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার ছুটির সূচি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে কলেজে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা আরও দীর্ঘ সময় ছুটি কাটানোর সুযোগ পেতে পারেন।
অন্যদিকে, পূজা উপলক্ষে সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। ফলে বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ছুটির সময়সূচিতে পার্থক্য থাকছে।
তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির সময়সূচি এক নয়। দেশের সব বিশ্ববিদ্যালয়ে সরকারি ছুটির তালিকা সরাসরি প্রযোজ্য না হওয়ায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারিত হবে। এ কারণে দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ভেদে ছুটির মেয়াদে ভিন্নতা থাকতে পারে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৬ অক্টোবর ২০২৬/এএ





