Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: নতুন আইফোনসহ বেশ কিছু পণ্য ও প্রযুক্তি উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় অ্যাপল পার্কে অনুষ্ঠিত হবে ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ নামের এ আয়োজন। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া অনুষ্ঠানে আইফোন ১৮ প্রো, ১৮ প্রো ম্যাক্স ও প্রথম ভাঁজযোগ্য আইফোনের ঘোষণা আসতে পারে। পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচ, এয়ারপডস ও স্মার্ট হোমের পণ্যও আসার সম্ভাবনা রয়েছে।

জন টার্নাস সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার নেতৃত্বে এটিই অ্যাপলের প্রথম বড় পণ্য উন্মোচন অনুষ্ঠান। ফলে এবারের আয়োজনটি বাড়তি গুরুত্ব পাচ্ছে।

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সে বড় পরিবর্তন
অনুষ্ঠানের মূল আকর্ষণ হবে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। নতুন পণ্য ও প্রযুক্তির বিষয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না জানালেও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইফোনের নতুন মডেল দুটিতে ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এ২০ প্রো চিপ ব্যবহার করা হতে পারে। নতুন চিপের কারণে ফোনের কর্মক্ষমতার পাশাপাশি তাপ নিয়ন্ত্রণ ও ব্যাটারি ব্যবস্থাপনায়ও উন্নতি হবে বলে ধারণা করা হচ্ছে।

আইফোনের ক্যামেরায়ও পরিবর্তন আনার গুঞ্জন রয়েছে। আইফোন ১৮ প্রো ম্যাক্সে পরিবর্তনশীল অ্যাপারচারযুক্ত ক্যামেরা যুক্ত হতে পারে। এ প্রযুক্তির মাধ্যমে ক্যামেরায় প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়। ফলে বিভিন্ন পরিবেশে ছবি তোলার সময় আরও ভালো ফল পাওয়া যাবে। নতুন আইফোনের নকশায় বড় ধরনের পরিবর্তন না হলেও ক্যামেরা মডিউল কিছুটা বড় হতে পারে।

দাম বাড়তে পারে
আইফোন ১৮ সিরিজের দাম নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই নানা ধরনের জল্পনা–কল্পনা চলছে প্রযুক্তি বিশ্বে। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা না গেলেও স্মার্টফোন তৈরির বিভিন্ন উপকরণ, বিশেষ করে র‍্যামের দাম বাড়ায় এবার নতুন আইফোনের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন পূর্বাভাস অনুযায়ী, আইফোন ১৮ প্রোর দাম ১ হাজার ১৯৯ ডলার থেকে শুরু হতে পারে।

প্রথম ভাঁজ করা আইফোনের চমক
আজকের অনুষ্ঠানে সবচেয়ে বড় চমক হতে পারে অ্যাপলের প্রথম ভাঁজ করা আইফোন। বিভিন্ন প্রতিবেদনে ফোনটির সম্ভাব্য নাম হিসেবে ‘আইফোন আলট্রা’র কথা বলা হচ্ছে। গুঞ্জন অনুযায়ী, বইয়ের মতো ভাঁজ করা যাবে ফোনটি। খোলার পর ভেতরে ৭ দশমিক ৮ ইঞ্চির একটি বড় পর্দা থাকবে। ভাঁজ করা অবস্থায় ব্যবহারের জন্য বাইরে প্রায় ৫ দশমিক ৩ ইঞ্চির আরেকটি পর্দা থাকতে পারে। ফোনটিতে এ২০ প্রো চিপের পাশাপাশি ১২ গিগাবাইট মেমোরি থাকার কথাও শোনা যাচ্ছে। ক্যামেরার ক্ষেত্রে পেছনে দুটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। তবে টেলিফটো ক্যামেরা না থাকার সম্ভাবনাই বেশি। নিরাপত্তার জন্য ফোনটিতে ফেস আইডির বদলে টাচ আইডি ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ফোনটির দাম ২ হাজার ৫০০ ডলার পর্যন্ত হতে পারে।

নতুন অ্যাপল ওয়াচ ও এয়ারপডস
আইফোনের পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচও উন্মোচন করতে পারে অ্যাপল। অ্যাপল ওয়াচ সিরিজ ১২-এ বড় ধরনের নকশাগত পরিবর্তনের বদলে স্বাস্থ্যসুবিধা ও সেন্সরে উন্নতি আনার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, অ্যাপল ওয়াচ আলট্রা ৪-এর নকশায় পরিবর্তন আসতে পারে। অনুষ্ঠানে দেখা মিলতে পারে এয়ারপডস ৫। এয়ারপডসটিতে হৃৎস্পন্দন পরিমাপের সুবিধা যুক্ত হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

অনলাইনে সরাসরি অনুষ্ঠান দেখা যাবে যেভাবে
অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকার সুযোগ পাবেন শুধু আমন্ত্রিত অতিথিরা। অন্যদের জন্য অ্যাপলের ওয়েবসাইটে (apple.com) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। এ ছাড়া অ্যাপলের ইউটিউব চ্যানেল (https://www.youtube.com/user/apple) ও অ্যাপল টিভি অ্যাপ থেকেও সরাসরি অনুষ্ঠানটি দেখা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৯ সেপ্টেম্বর ২০২৬/এএ


Array