Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জাহাঙ্গীর আলম (২৭) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) রাতে নিহত জাহাঙ্গীর আলমের ছোট ভাই আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এদিন সকালে সৌদি আরবের রিয়াদ শহরের বাতা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর মিয়া গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন টাঙ্গাব ইউনিয়নের বামনখালী গ্রামের আসাদ মিয়ার ছেলে। সৌদি আরবের রিয়াদ শহরে তিনি পরিচ্ছন্নতার কাজ করতেন। জাহাঙ্গীরের স্ত্রী ও এক কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আসাদ মিয়ার চার ছেলের মধ্যে তৃতীয় ছেলে জাহাঙ্গীর দেড় বছর আগে সৌদি আরবে যান। সেখানে তিনি পরিচ্ছন্নতার কাজ করতেন। সকালে সৌদি আরবের রিয়াদ শহরের বাতা মার্কেট এলাকায় সড়কে পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় দ্রুত গতির একটি গাড়ি জাহাঙ্গীরকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত জাহাঙ্গীর আলমের বাবা আসাদ মিয়া বলেন, সংসারে সচ্ছলতা ফেরাতে জায়গা জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। সংসারে সুখ আর আসল না। সেখানেই ছেলেটা মারা গেল। আমার ছেলের মরদেহটা যেন সরকার দ্রুত দেশে নিয়ে আসার ব্যবস্থা করে সে দাবি জানাচ্ছি।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মৃত্যুর খবর জানতে পেরেছি। বিস্তারিত জানতে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হবে। ঘটনাটি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আনা হবে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১০ মে ২০২৬/এএ


Array