প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে বিতর্কিত ডিজিটাল পদ্ধতির ‘তুরাপ’ প্ল্যাটফর্মটি বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটির সরকার। এটি বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান টাইকুন খ্যাত প্রভাবশালী ব্যবসায়ী আমিনুল ইসলাম আবদুল নুরের প্রতিষ্ঠিত বেস্টিনেটের তৈরি। তার বিরুদ্ধে অস্বচ্ছ ব্যবসায়িক পদ্ধতির মাধ্যমে বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের শোষণের বিস্তর অভিযোগ রয়েছে।
মালয়েশিয়ান গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম’ –এফডব্লিউসিএমএস যার আরেক নাম ‘দ্য ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভ্যান্সড প্ল্যাটফর্ম’ বা তুরাপ নিয়ে নানা বিতর্কের মুখে শেষ মুহূর্তে তা বাতিল করে দেয় সরকার।
মালয়েশিয়ার গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজেই হয়তো এটি বাতিলের নির্দেশ দিয়েছেন। এ নিয়ে দেশটির গণমাধ্যমগুলোতে বেশ ফলাও করে সংবাদ প্রকাশ হয়।
এসব খবরে আরও বলা হয়, ডিজিটাল এ সিস্টেমের বিরুদ্ধে মালয়েশিয়ার রাজনীতিবিদ ও সুশীল সমাজের পক্ষ থেকে সরকারের ওপর বেশ চাপ সৃষ্টি করা হয়েছিল। দেশটির সাবেক অর্থমন্ত্রী রাফিজি রামলি এ পদ্ধতিটির অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেন।
তবে বেস্টিনেটের পক্ষ থেকে এ সমালোচনার বিরোধিতা করা হয়। প্রতিষ্ঠানটি দাবি করেছে, এফডব্লিউসিএমএস বা, তুরাপ ছিল সরকারের অনুমোদিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্ল্যাটফর্ম।
কোম্পানিটি আরও জানায়, এ পদ্ধতি মালয়েশিয়ার বিদেশি কর্মী ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছিল এবং এক দশকের বেশি সময় ধরে যথাযথভাবে এটি গড়ে তোলা হয়েছে। বেস্টিনেট আরও দাবি করে, এ প্ল্যাটফর্মটি ব্যবহারের ফলে মালয়েশিয়া সরকারের কোনো অর্থ খরচ হতো না। তবে অভিবাসী নিয়োগে অস্বচ্ছতা দেশটির ভাবমূর্তি নষ্ট করতে পারে এমন আশঙ্কায় তুরাপ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৬ এপ্রিল ২০২৬/এএ





