প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মধ্যপ্রাচ্য অঞ্চলে সংঘাত শুরুর পর থেকে ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে কাতার। দেশটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। হামলায় পানি, খাদ্য ও জ্বালানি স্থাপনগুলো লক্ষ্যবস্তু করায় ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি।
তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো বিশেষ করে পানি, খাদ্য ও জ্বালানি স্থাপনাগুলোতে ইরান দায়িত্বজ্ঞানহীনভাবে হামলা চালাচ্ছে। সোমবার (৬ এপ্রিল) বিকেলে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের সঙ্গে ফোনালাপের সময় এই মন্তব্য করেন তিনি। এ খবর জানিয়েছে আলজাজিরা।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাতার ও এই অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধে ইরানের অযৌক্তিক আগ্রাসন বন্ধ করার প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি ও পানি স্থাপনাগুলোতে বোমা হামলার হুমকি দিয়েছেন। তেহরানও উপসাগরীয় অঞ্চলজুড়ে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে। রোববার ইরান কুয়েতের দুটি পানি পরিশোধন কেন্দ্রে হামলা চালায়।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৬ এপ্রিল ২০২৬/এএ





