Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উন্মোচিত হয়েছে শিক্ষা সমাপনী উৎসবের। মঙ্গলবার বিকাল ৩টায় উৎসব উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা শিক্ষাজীবনের সমাপ্তিকে রাঙাতে এ উৎসবের আয়োজন করে।

বিকাল ৪টায় ফ্ল্যাশমবের মাধ্যমে উৎসবটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সন্ধ্যা ৬টায় সকল ব্যাচের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্র হল এবং দুটি ছাত্রী হল থেকে শিক্ষার্থীরা স্লোগান সহকারে মশাল মিছিল নিয়ে বের হয়ে স্বাধীনতা চত্বরে এসে জড়ো হয়। মশালের আলোয় আলোকিত হয়ে যায় চুয়েটের স্বাধীনতা চত্বর।

এরপর আতশবাজি ও কনসার্টের মাধ্যমে আনন্দঘন পরিবেশে দিনটির সমাপ্তি ঘটে। কনসার্টে মঞ্চ মাতায় জনপ্রিয় সংগীত ব্যান্ড ‘সহজিয়া’, ‘কার্নিভাল’ ও ‘ব্ল্যাক’। এদিকে গত পরশু (সোমবার) রাতে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠ সংলগ্ন র‍্যাগ দেওয়ালে গ্রাফিতি অংকন সম্পন্ন হয়।

উৎসব এর আহবায়ক আদিব ইবনে মান্নান বলেন, ‘মশাল মিছিলের মাধ্যমে বিদায়ী সব ব্যাচের মতো বিদায়ের যাত্রা শুরু হয়েছে আমাদের। বিদায়টা আরও সুন্দর করতে কাজ করে যাচ্ছে সহপাঠী ও অনুজ সকলে। প্রতিটি সময় নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে পাশে ছিলেন অধ্যাপক ড. মো. কামরুল হাসান মহোদয় এবং ছাত্রকল্যাণ দপ্তর।

উৎসব সম্পর্কে অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘এটি চুয়েটের একটি অন্যতম আয়োজন। বিশ্ববিদ্যালয়ের সকলে কেন্দ্রীয় ভাবে প্রফুল্ল চিত্তে ইতিবাচকতার সঙ্গে উৎসবটি উদযাপন করা হয়ে থাকে। অন্যান্যবারের মতো এবারও সকলের প্রতি আহ্বান ছিলো, সকলে যেন অনুষ্ঠানের নিয়মকানুন ও শর্ত বজায় রেখে সুষ্ঠুভাবে উদযাপন ও উপভোগ করে।’

উল্লেখ্য, চুয়েটের প্রতিটি ব্যাচ তাদের শিক্ষা সমাপনী উৎসবের আগে নিজের একটা নাম ঠিক করে নেয়। এবছর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) শিক্ষার্থীরা নিজেদের নাম ঠিক করেছে ‘আদ্যন্ত ১৮’। আর উৎসবের স্লোগান ঠিক করা হয়েছে ‘আদি থেকে অন্তহীন, আদ্যন্ত অমলিন’। আগামী কিছুদিনের মধ্যে শিক্ষা সমাপনী উৎসবের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। উক্ত উৎসব চুয়েটের বুকে এক অনন্য ইতিহাস রচনা করবে বলে দাবি করছেন শিক্ষার্থীরা।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৯ ডিসেম্বর ২০২৩ /এমএম

 


Array