প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: চট্টগ্রামের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’ এর উপাচার্য হলেন ড. রুবানা হক। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের সহধর্মিণী। সম্প্রতি তিনি বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ড. রুবানা হক মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক।বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচিত প্রথম নারী সভাপতি ছিলেন তিনি। ড. রুবানা ২০১৩ ও ২০১৪ সালে পরপর দুবার ‘বিবিসি ১০০ নারী’ নিবন্ধে স্থান পেয়েছিলেন।
ড. রুবানা হকের জন্ম ১৯৬৪ সালে ৯ ফেব্রুয়ারি। পড়াশোনা করেছেন ভিকারুননিসা নূন স্কুল, হলিক্রস কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পুরুষোত্তম লালের প্রকাশনা সংস্থা ও রাইটারস ওয়ার্কশপের ওপর ‘রাইটারস ওয়ার্কশপ : এজেন্ট অব চেঞ্জ’ বিষয়ে পিএইচডি করেছেন।
২০০৮ সালে রুবানা হক ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রেসিডেন্ট গোল্ড মেডেল নিয়ে এমএ পাস করেন। মেধাবী এ নারী এসএসসি, এইচএসসিতে বোর্ড সেরা হয়েছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি সাহিত্য চর্চার সঙ্গেও জড়িত।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৫ ফেব্রুয়ারি ২০২২ /এমএম





