প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সম্প্রতি দেশে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সশরীরে শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাস্ক পরিধানসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার প্রতি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মাস্ক পরিধানসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।এতে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি অনুসরণ না করলে করোনা সংক্রমণের হার আরও বৃদ্ধি পাবে। ফলে আবাসিক হল খোলা রাখা ও সশরীরে শিক্ষাদান কার্যক্রম ব্যাহত হবে।
স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড এ কে এম গোলাম রব্বানী বলেন, করোনার সংক্রমণ রোধে মাস্ক পরিধানসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করার বিষয়টি আগেও বলবৎ ছিলো এবং এখনো আছে। যেহেতু করোনা আবারো ঊর্ধ্বগামী তাই নিজে ভালো থাকা অন্যকে ভালো রাখতে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলা এখন অপরিহার্য।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, যেহেতু করোনার নতুন একটি মাত্রার (ওমিক্রনের) সংক্রমণ বাড়ছে, এটার জন্য এখনই যদি সতর্ক না থাকি তাহলে বড় রকমের ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। সংক্রমণ বাড়লে আবাসিক হলগুলো খোলা রেখে শ্রেণি কার্যক্রম চালু রাখা সম্ভব হবে না। তাই, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সতর্ক ও সচেতন হতে হবে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ জানুয়ারি ২০২২ /এমএম





