প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানী উত্তরায় অবস্থিত আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্কুলের বিভিন্ন শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়।আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের কো-অর্ডিনেটর নাজমুল হোসাইন ও রাশিদুল হাসান শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন রকমের পিঠার পসরা নিয়ে বিভিন্ন স্টল সাজানো হয়। শীতের সকালে এসব স্টলে পুলি পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা, জামাই পিঠা, নকশি পিঠা, পাটিসাপটাসহ বিভিন্ন ধরনের পিঠা স্থান পায়। শিক্ষার্থীদের ব্যাপক আনন্দ ও উৎসাহে অনুষ্ঠান স্থল কোলাহল মূখর হয়ে ওঠে।পরে আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃতি ও অভিনয় করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাঙালী ঐতিহ্যের অন্যতম অংশ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরে দেশপ্রেম জাগ্রত করতে চাই। বক্তারাস্বাধীনতাযুদ্ধে অংশগ্রণকারী বীর-মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।আকিজ ফাউন্ডেশন পরিচালিত স্কুল এন্ড কলেজে ইংরেজি ভার্সনে এগারশত শিক্ষার্থী এবং সম্পূর্ণ বিনামূল্যে বাংলা ভার্সনে তিনশত শিক্ষার্থী অধ্যয়নরত আছে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৫ ডিসেম্বর ২০২১ /এমএম





