Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।বুধবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৭.৩০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের (ধানমন্ডি ৩২ নম্বর) উদ্দেশে যাত্রা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন।বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন, বেলা ১১টায় উপাচার্যের সভাপতিত্বে প্রফেসর আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর এক আলোচনা সভা এবং সভার শুরুতে শেখ মুজিবুর রহমানের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন।

এছাড়া, বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়াসহ প্রত্যেক হল ও আবাসিক এলাকার মসজিদে শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এবং বিশ্ববিদ্যালয় এলাকার অন্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন।স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে এসব কর্মসূচি পালিত হবেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২ আগস্ট ২০২১ /এমএম


Array