Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের কফিনে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।শনিবার এক শোকবার্তায় উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফকির আলমগীর ছিলেন খ্যাতিমান ও জনপ্রিয় পপসংগীত শিল্পী। তিনি ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতাসহ বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সাথে সম্পৃক্ত থেকে শ্রমজীবী মানুষের জন্য গণসংগীত গেয়েছেন।

‘৬৯ এর গণঅভ্যুত্থান এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী হিসেবে স্বাধীনতা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে তিনি অসাধারণ অবদান রেখেছেন। তিনি ছিলেন সংগীতাঙ্গনে সৃজনশীলতার এক বিশেষ ব্যক্তিত্ব। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো। সংগীতে অসামান্য অবদানের জন্য জনপ্রিয় এই শিল্পী স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।শিল্পী ফকির আলমগীরের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।উল্লেখ্য, ফকির আলমগীর গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৪ জুলাই ২০২১ /এমএম


Array