প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন কিন্ডারগার্টেনের শিক্ষকরা। প্রধানমন্ত্রীর কাছে এই দুই আবেদন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের (বিকসকপ)।মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ (বিকসকপ)।
লিখিত বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান এম ইকবাল রাহার চৌধুরী বলেন, ‘গত ১৬ মার্চ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই সঙ্গে সঙ্গে কিন্ডারগার্টেনগুলো বন্ধ ঘোষণা করি। যা আজও বন্ধ আছে। আরও কত দিন বন্ধ থাকবে জানা নেই।’
তিনি বলেন, ‘করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা টিউশন ফি দিচ্ছে না। ফলে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। কিছু প্রতিষ্ঠান বন্ধও হয়ে গেছে। এই সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের মাসিক টিউশন ফিয়ের ওপর নির্ভরশীল এবং ৯৯% ভাড়া বাড়িতে প্রতিষ্ঠিত ও পরিচালিত।
শিক্ষার্থীদের মাসিক টিউশন ফিয়ের ৪০% বাড়ি ভাড়া, ৪০% শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের বেতন, বাকি ২০% গ্যাস বিল, বাণিজ্যিক হারে বিদ্যুৎ ও পানির বিলসহ অন্যান্য খরচ নির্বাহ না হওয়ায় অনেক প্রতিষ্ঠানে ভর্তুকি দিতে হয়।‘তিনি বলেন, `তাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও শিক্ষকদের আর্থিক সহায়তা এই দুই দাবি তিনি যেন মেনে নেন।’
সংগঠনের মহাসচিব মো. সাফায়েত হোসেন বলেন, ‘অফিস থেকে শুরু করে বিনোদন পার্ক পর্যন্ত খোলা হয়েছে। শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকছে না। তবে শুধুমাত্র কিন্ডারগার্টেন বন্ধ থাকায় আমরা মানবেতন জীবন যাপন করছি।’সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন হাবিব উল্লাহ, এ বি সিদ্দিক, আনিসুর রহমান, শাওন আহমেদ, তাহেরা আক্তার ডলি প্রমুখ।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১ নভেম্বের ২০২০/এমএম





