প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৪ দশমিক ৭ শতাংশ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এই হার বাড়াতে সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।রবিবার সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনের প্রস্তুতিসংক্রান্ত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের নিরলস প্রচেষ্টায় দেশে সাক্ষরতার হার ৭৪ দশমিক ৭ ভাগে উন্নীত হয়েছে। বিগত সময়ের চেয়ে এই হার বেড়েছে। ২০০৫ সালে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ছিল মাত্র ৫৩ দশমিক ৫ শতাংশ।’গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন বলেন, ‘আমরা ঝরে পড়া রোধ করতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছি। বয়স্কদের মধ্যে সাক্ষরতার হার বাড়াতে হবে।’
সম্মেলনে জানানো হয়, আগামী ৮ সেপ্টেম্বর সারা বিশ্বের মতো বাংলাদেশেও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’। ইউনেস্কোর উদ্যোগে ১৯৬৬ সালের ৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ‘কোভিড-১৯ সংকট: সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ সেপ্টেম্বর ২০২০/এমএম





