Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২০-২১ অর্থবছরে আট হাজার ৪৮৫ কোটি ১২ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর মধ্যে পাঁচ হাজার ৪৫৪ কোটি ১২ লাখ টাকার রাজস্ব বাজেট এবং ৫৩টি প্রকল্পের অনুকূলে তিন হাজার ৩১ কোটি টাকার উন্নয়ন বাজেট রয়েছে। এ বছর রাজস্ব বাজেটে বরাদ্দ পাঁচ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ইউজিসির ১৫৮তম পূর্ণ কমিশন সভায় বুধবার এ বাজেট অনুমোদিত হয়। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস পরিচালনার জন্য বিশেষ বরাদ্দ চেয়ে সরকারের কাছে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়।

দেশে করোনা পরিস্থিতির কারণে প্রথমবারের মতো কমিশন সভা অনলাইন ভার্চুয়াল মিটিং প্লাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় বাজেট উপস্থাপন করেন ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। সভার কার্যপত্র উপস্থাপন করেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। এতে সংস্থার চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ সভাপতিত্ব করেন।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রতি বছর ইউজিসির মাধ্যমে বাজেট দেয়া হয়। গত অর্থবছরে এসব বিশ্ববিদ্যালয়ের অনুকূলে বাজেটে বরাদ্দের পরিমাণ ছিল আট হাজার ৮৮ কোটি ৪৯ লাখ টাকা। সে তুলনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য এ বছর বরাদ্দ প্রায় ৩৯৭ কোটি টাকা বেড়েছে। নতুন অর্থবছরে সবচেয়ে বেশি রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর পরিমাণ ৮৩০ কোটি ৬ লাখ টাকা।

উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের গবেষণার জন্য ২০২০-২১ অর্থবছরে মূল বাজেটে ৬৬ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে। গত বছরের তুলনায় বাজেটে এ খাতে বরাদ্দ ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৯-২০ অর্থবছরে গবেষণায় মূল বাজেটে ৬৪ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছিল। এছাড়া কমিশন ২০২০-২১ অর্থবছরে ইউজিসির জন্য ৬২ কোটি ৯৫ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে। ২০১৯-২০ অর্থবছরে এ অর্থের পরিমাণ ছিল ৫৩ কোটি ৩৩ লাখ টাকা।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম ও অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শাহজাহান, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন অধ্যাপক ড. মো. ওয়ালিউল হাসান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল বাসেত, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, পরিকল্পনা কমিশনের সদস্য (আর্থ-সামাজিক অবকাঠোমো), শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন।

সভায় কার্যবিবরণী অনুমোদন, বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, কোভিড-১৯ মহামারীর কারণে দেশের বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষা কার্যক্রমের বিষয়ে গৃহীত পদক্ষেপসমূহ অবহিত করা হয়। এছাড়া পদোন্নয়ন ও পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে ইউজিসির ১০ কর্মকর্তার পদোন্নয়ন অনুমোদন করা হয়।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৫ জুন ২০২০ /এমএম


Array