বাংলানিউজসিএ ডেস্ক :: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জিপিএ-৫ নিশ্চয় জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে না। পড়াশোনা করব, নিশ্চয় ভালো ফলাফল করতে চাই। কিন্তু বর্তমানে জিপিএ-৫ নিয়ে যে ধরনের উন্মাদনা, বিশেষ করে বাবা-মায়েদের মধ্যে দেখি, তাতে আসলেই খুব কষ্ট লাগে।শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের উদ্যোগে দুদিনব্যাপী ‘ফিজিক্স অলিম্পিয়াড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এখন জিপিএ-৫ নিয়ে একটা উন্মাদনা আছে। বর্তমানে সন্তানরা জিপিএ-৫ না পেলে বাবা-মায়েদের চেহারাটাও বাংলা ৫ এর মতো হয়ে যায়। আমাদের শেখাটা আমরা যতবেশি খেলতে খেলতে শিখব, করতে করতে শিখব, ততবেশি শেখাটা সুন্দর হবে, ভালো হবে।
আনন্দের সঙ্গে লেখাপড়া করতে হবে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী, সক্ষমতা ও প্রস্তুতি অনুযায়ী ভালো করবে। কিন্তু লেখাপড়াটা হতে হবে আনন্দের সঙ্গে। এখন জিপিএ-৫ এর চাপে আমাদের পুরো শিক্ষা জীবনটা নিরানন্দ হয়ে যায়। এটা কোনো কাজের কথা নয়। আমাদের আনন্দের সঙ্গে লেখাপড়া করতে হবে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৯ ফেব্রুয়ারি ২০২০ /এমএম





