বাংলানিউজসিএ ডেস্ক :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২৫টি পলিথিন বা ১০টি প্লাস্টিকের বোতল জমা দিলেই পাওয়া যাবে একটি করে সিদ্ধ ডিম।পবিপ্রবির বহিস্থঃক্যাম্পাস বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর হল প্রশাসন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে।
আবাসিক হলের সুস্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য পলিথিন ব্যাগ ও প্লাস্টিকের বোতলের পরিবর্তে শিক্ষার্থীদের সিদ্ধ ডিম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। ২৫টি পলিথিন বা ১০টি প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলবে একটি করে সিদ্ধ ডিম। হল প্রশাসনের এমন উদ্যোগে খুব খুশি হলটির আবাসিক শিক্ষার্থীরা।
তারা বলেন, এখন থেকে আমরা আর পলিথিন বা প্লাস্টিকজাতীয় ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট জায়গায় জমা দেব, যাতে করে হলের পরিবেশ ভালো থাকে।এ ব্যাপারে জানতে চাইলে হলের প্রভোস্ট ড. অসিত কুমার পাল বলেন, ছাত্ররা ময়লা-আবর্জনা যেখানে-সেখানে ফেলে হলের পরিবেশ নষ্ট করে। আমরা উদ্যোগ নিয়েছি, যাতে এভাবে হলের পরিবেশ আর নষ্ট না হয়।
আমরা যেহেতু পলিথিনের ব্যবহার ঠেকাতে পারছি না, সে ক্ষেত্রে যদি পলিথিনগুলো একত্রে রাখতে পারি, তা হলে পরিবেশের ক্ষতি কিছুটা কমিয়ে আনা সম্ভব। একদিকে যেমন পরিবেশ দুষিত হবে না অপরদিকে হলের সুস্বাস্থকর পরিবেশ বজায় থাকবে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৭ ডিসেম্বর ২০১৯ /এমএম





