প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশের পর্যটন শিল্পকে আরও গতিশীল করতে ওমরাহ ভিসার নীতিমালায় বড় পরিবর্তন এনেছে সৌদি আরব। এখন থেকে ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে ১ বছর বা ৩৬৫ দিন করা হয়েছে। নতুন এই নিয়মের ফলে ওমরাহ যাত্রীরা বছরে একাধিকবার সৌদি আরবে যাতায়াত করার সুযোগ পাবেন।
তবে প্রতিবার ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করা যাবে। সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এসপিএ সোমবার (২০ জুলাই) এক প্রতিবেদেনে এ খবর নিশ্চিত করেছে।
নতুন নিয়ম অনুযায়ী, সৌদিতে প্রতিবার প্রবেশ করার সময় দর্শনার্থীদের দেশটির সরকারি অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক’ থেকে একটি নির্দিষ্ট প্যাকেজ ক্রয় করতে হবে। তবে এই প্যাকেজের সময়সীমা কোনোভাবেই ভিসার বাকি মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না। এর পাশাপাশি সৌদি আরবে পৌঁছানোর আগেই ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ওমরাহ করার আনুষ্ঠানিক অনুমতিপত্র বা পারমিট সংগ্রহ করতে হবে।
অবশ্য হজ মৌসুমের সময় এই মাল্টিপল ওমরাহ ভিসা সাময়িকভাবে বন্ধ থাকবে। আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে শুরু করে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা ব্যবহার করে সৌদিতে প্রবেশ করা যাবে না।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দূরদর্শী পরিকল্পনা ‘সৌদি ভিশন ২০৩০’ এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ওমরাহ ভিসার এই মেয়াদ বাড়ানো হয়েছে। সূত্র: গালফ নিউজ
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২০ জুলাই ২০২৬/এএ





