Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: চলমান এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে বহিষ্কারের সংখ্যা সর্বোচ্চ। এদিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এদিন মোট ৩৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, এদিন এসএসসিতে ইংরেজি প্রথমপত্র, দাখিলে গণিত এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে গণিত-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সব বোর্ডে মোট ৩৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা বোর্ডে একজন, চট্টগ্রাম বোর্ডে পাঁচজন, রাজশাহী বোর্ডে তিনজন, বরিশাল বোর্ডে আটজন, কুমিল্লা বোর্ডে একজন এবং ময়মনসিংহ বোর্ডে দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে চারজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

এর আগে পরীক্ষার প্রথম দিনে বহিষ্কার হন ছয়জন পরীক্ষার্থী এবং দ্বিতীয় দিনে এ সংখ্যা ছিল ১৯। ওই হিসাবে তৃতীয় দিনেই সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটল।

আন্তঃশিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন। মঙ্গলবার (২১ এপ্রিল) শুরু হয় এ পরীক্ষা।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৬ এপ্রিল ২০২৬/এএ


Array