প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রথম নারী মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব শাহীনা ফেরদৌসী। এর আগে তিনি বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালকের দায়িত্বে ছিলেন।
শাহীনা বর্তমান মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন। বুধবার (২২ এপ্রিল) তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলি করে নতুন এ দায়িত্ব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পৃথক আদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিদায়ী মহাপরিচালক অতিরিক্ত সচিব আবু নূর মো. শামসুজ্জামানকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
শাহীনা ফেরদৌসী চলতি বছরের ২৭ জানুয়ারি অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। দক্ষ এই কর্মকর্তা পেশাগত জীবনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া মাঠ প্রশাসনে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৩ এপ্রিল ২০২৬/এএ





