Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ভারতের রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৬টায় এ সতর্কতা জারি করা হয়। পূর্বাভাসে প্রতি ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত এবং ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দিল্লির পাশাপাশি পার্শ্ববর্তী নয়ডা, গুরুগ্রাম ও গাজিয়াবাদেও বৃষ্টির প্রভাব পড়েছে। দিল্লির করোলবাগ এলাকায় ঝান্ডেওয়ালা মন্দিরের কাছে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সকালের ব্যস্ত সময়ে এ পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকালের বৃষ্টির পর আগামী ছয় দিন দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় প্রকাশিত সাত দিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

১৪ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। পরদিন ১৫ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

অন্যদিকে, ১৬ ও ১৭ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। ফলে সাময়িক বৃষ্টির পর তাপমাত্রা আবারও বাড়তে পারে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১২ অক্টোবর ২০২৬/এএ


Array