প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে শনিবার গভীর রাতে মুক্তি দিয়েছে পুলিশ। হরিয়ানার গুরুগ্রামে নিজের বাসা থেকে শনিবার সকালে তাঁকে আটক করা হয়েছিল। সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে অংশ নিতে ভারতে এসেছিলেন ধ্রুব রাঠি। দেশটির ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে সাধারণ পোশাকে প্রায় ৩০ জন পুলিশ সদস্য গুরুগ্রামের সেক্টর ৫৬-এর কেন্দ্রীয় বিহার এলাকায় ধ্রুব রাঠির বাসায় যান। সেখান থেকে তাঁকে আটক করে সেক্টর ৩৯-এ অবস্থিত অপরাধ তদন্ত শাখার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে রাতের দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়া বিক্ষোভে অংশ নেওয়ার প্রস্তুতি এবং প্রশাসনের সতর্কতা অমান্য করার আশঙ্কায় তাঁকে আটক করা হয়েছিল। এ ছাড়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারায় নিষেধাজ্ঞা কার্যকর থাকায় তাঁকে কর্মসূচিতে যোগ না দেওয়ার জন্য আগেই সতর্ক করা হয়েছিল বলে এক পুলিশ কর্মকর্তা জানান।
এদিকে, নির্বাচন প্রক্রিয়া ও ভোটার তালিকায় কথিত অনিয়মের অভিযোগে দিল্লিতে বিরোধী দলগুলোর বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। এ সময় অন্তত তিন হাজার মানুষকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও ছিলেন।
ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিরোধীদের প্রতিবাদের মধ্যেই ধ্রুব রাঠির আটক এবং পরবর্তী সময়ে মুক্তির ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১১ অক্টোবর ২০২৬/এএ





