প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: তাইওয়ানে টাইফুন হাইকুই এর আঘাতে ৪০ জনেরও বেশি লোক আহত হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে।রবিবার পূর্ব উপকূলে আঘাত করা ঝড়টি চার বছরের মধ্যে প্রথম তাইওয়ানে সরাসরি আঘাত হানে।তাইওয়ানের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছে, প্রবল বৃষ্টি এবং বাতাসের মধ্যে পাহাড়ি অঞ্চলে গাছ পড়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুইজন আহত হয়েছেন। প্রধানত ধ্বংসাবশেষ পড়েই আরও ডজনখানেক আহত হয়েছেন।
টাইফুন হাইকুই এর প্রভাবে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ৭০০০-এরও বেশি লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। দুই লাখ ১৭ হাজারের বেশি পরিবার বিদ্যুৎ সংযোগ হারিয়েছে। সোমবার পর্যন্ত ১ লাখ ৬০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে তাইওয়ানের ১৪টি শহরের স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।ঝড়টি ২০০ কিমি বেগে প্রবাহিত হয়েছে। তবে কোনো মৃত্যু বা বড় কোনো অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘূর্ণিঝড় হাইকুইয়ের প্রভাবে তাইওয়ানের দক্ষিণ এবং পূর্ব অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর প্রান্তের রাজধানী তাইপেইয়ে শুধু বৃষ্টি হয়েছে।এর আগে রবিবার চার বছরের মধ্যে এটিই তাইওয়ানে প্রথম টাইফুন হবে উল্লেখ করে রাষ্ট্রপতি সাই ইং-ওয়েন জনগণকে সতর্কতা অবলম্বন করতে বলেছিলেন। তিনি জনগণকে বাইরে যাওয়া এড়াতে এবং পাহাড়ে না যেতে বলেন। উপকূলের দিকে যাওয়া এবং মাছ ধরা থেকে আপাতত বিরত থাকতে নির্দেশ দেন। কর্তৃপক্ষ আশঙ্কা করেছিল, ঝড়টি ভূমিধস এবং অন্যান্য বড় ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।
হাইকুই বর্তমানে তাইওয়ান প্রণালী হয়ে চীনের দিকে অগ্রসর হচ্ছে। সোমবার সকালে চীনের জাতীয় আবহাওয়া এবং সমুদ্রের পূর্বাভাসকারীরা হাইকুইয়ের জন্য সতর্কতা জারি করেছে। উপকূলীয় প্রদেশ ফুজিয়ান এবং গুয়াংডং এর আশপাশে প্রবল বাতাস এবং বড় ঢেউয়ের সতর্কতা জারি করেছে এবং জাহাজগুলোকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।তাইওয়ানে শেষবার ২০১৯ সালে টাইফুন বাইলু নামে একটি ঝড় হয়েছিল এবং এতে একজনের মৃত্যু হয়েছিল।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৪ সেপ্টেম্বর ২০২৩ /এমএম





