প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ইউরোপের দেশ স্লোভেনিয়া প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী নাতাশা পিয়ার্স মুসার পেশায় একজন সাংবাদিক ও আইনজীবী। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আইনজীবী হিসেবে কাজ করেছেন।স্থানীয় সময় রবিবার অর্ধেকেরও বেশি ভোট গণনার পর আংশিক ফলাফল থেকে নাতাশার জয়ের বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। স্লোভেনিয়ার বামপন্থী সরকারের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন নাতাশা।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটির রক্ষণশীল প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনজে লোগারকে তিনি নির্বাচনে পরাজিত করেন। নাতাশা পিয়ার্স ৫৪ শতাংশ ভোট পেয়েছেন। আর লোগার পেয়েছেন ৪৬ শতাংশ। প্রায় ২০ লাখ জনসংখ্যার মধ্যে ভোটার ছিল ৪৯ দশমিক ৯ শতাংশ। এ পর্যন্ত ৫৫ শতাংশ ভোট গণনা করা হয়েছে।লুব্লজানার উপকন্ঠে সমর্থক বেষ্টিত নাতাশা সাংবাদিকদের বলেন, ‘আমাদের সুন্দর মাতৃভূমির জন্যে ভালো কিছু করার জন্যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’উল্লেখ্য, স্লোভেনিয়ায় জন্ম নেওয়া মেলানিয়া ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি থাকাকালে তার ভাবমূর্তি ও স্বার্থ রক্ষায় আইনজীবী হিসেবে কাজ করেছেন নাতাশা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ নভেম্বর ২০২২ /এমএম





