প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ২০২২ সালে বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক কূটনৈতিক ভাবে বয়কটের ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তারই প্রেক্ষিতে জো বাইডেন সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছে এশিয়ার পরাশক্তি চীন। দেশটি বলেছে, ‘যুক্তরাষ্ট্রকে এর কড়া মূল্য চোকাতে হবে।’আমেরিকার কোনো কূটনীতিক এই ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দেবেন না, গত মাসেই এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। একই পথে হেঁটেছে অস্ট্রেলিয়া, ব্রিটেন ও কানাডা।
এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং কানাডা রাজনৈতিক কারসাজির জন্য অলিম্পিক প্ল্যাটফর্মকে ব্যবহার করেছে। এই অন্যায়ের কড়া মূল্য দিতে হবে তাদের।’একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে খবর, চীনে সংখ্যালঘু মুসলিমদের হত্যা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোর বিরুদ্ধে সোচ্চার হতেই বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকাসহ বিশ্বের প্রথম সারির একাধিক দেশ।
আমেরিকার এই কূটনৈতিক বয়কট মানে এই নয় যে, বেইজিংয়ে সে দেশের অ্যাথলেটরা যাবেন না। তারা অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমেরিকার তরফ থেকে জানানো হয়েছে, কোনো খেলোয়াড় যদি অংশ নিতে চান তাহলে সরকার তাকে সব রকম সাহায্য করবে। আন্তর্জাতিক এই অনুষ্ঠান বয়কট করবেন কেবল কূটনীতিকরা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ ডিসেম্বর ২০২১ /এমএম





