প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বাংলাদেশের কাছে আরও ইলিশ পাঠানো আর্জি জানালেন পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ীরা। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক আবেদন করা হবে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।জানা গিয়েছে, গত ২২ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গে প্রতিদিন ২০ থেকে ২৪৬ মেট্রিক টন ইলিশ এসেছে। ইলিশ কারবারিদের মতে, ইলিশ যেহেতু পচনশীল দ্রব্য, তাই মাছ খুব বেশি পরিমাণে ঢুকলেই মুশকিল। সেক্ষেত্রে ৩০ থেকে ৫০ মেট্রিক টন পদ্মার ইলিশ ঢুকলেই চাহিদা মিটে যাবে।
বাংলাদেশে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা সম্পূর্ণ বন্ধ রয়েছে। যেহেতু এই সময় ইলিশের প্রজননের সময়, তাই ইলিশের উৎপাদন বাড়াতে ইলিশ ধরা বন্ধ রয়েছে। ফের যখন ইলিশ ধরা শুরু হবে, তখন যাতে পশ্চিবঙ্গে পদ্মার ইলিশ এসে পৌঁছায় সেই আর্জি জানালেন ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সচিব সৈয়দ আনোয়ার মাকসুদ।
এই প্রসঙ্গে হাওড়ার পাইকারি বাজারের এক ব্যবসায়ী জানান, পূজার আগেই ঢাকার পাঠানো ইলিশ শেষ হয়ে যাবে। তবে পূজার সময়ে বাঙালির পাতে পদ্মার ইলিশ আর নাও জুটতে পারে।উল্লেখ্য দুর্গাপূজা উপলক্ষ্যে এরই মধ্যে এক হাজার ৮৫ মেট্রিক টন ইলিশ গিয়েছে পশ্চিমবঙ্গে। বাংলাদেশের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল ৪ হাজার ৬০০ মেট্রিক টন রপ্তানির।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯ অক্টোবর ২০২১ /এমএম





