প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আজ থেকে বিদেশিদের ওমরাহ পালনের আবেদন গ্রহণ করবে সৌদি সরকার করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন বিদেশি মুসল্লিরা। আজ থেকে বিদেশিদের আবেদন গ্রহণ করবে সৌদি সরকার। তবে এ ক্ষেত্রে শর্ত হলো-ওমরাহ পালনে আগ্রহী মুসল্লির দুই ডোজ টিকা নেওয়ার সনদ থাকতে হবে। খবর সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা স্টেট নিউজ এজেন্সির।
আরবি নতুন বছরের শুরু থেকে বিদেশি নাগরিকদের ওমরাহ পালনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল সৌদি আরব। এবার কত সংখ্যক মুসল্লি প্রতি মাসে ওমরাহ পালনের সুযোগ পাবেন তাও জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ্ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত প্রতি মাসে বিশ্বের বিভিন্ন দেশের ৬০ হাজার মুসল্লিকে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে। তবে ধীরে ধীরে এটি বাড়িয়ে প্রতি মাসে দুই লাখ করা হবে। বিদেশি ওমরাহ পালনকারীদের সৌদি সরকারের অনুমোদিত কোভিড-১৯ এর টিকা সনদ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া, হজযাত্রী পরিবহণের ক্ষেত্রে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস সার্ভিস পরিচালিত হবে বলে জানা গেছে। ইতোমধ্যে প্রায় পাঁচ শতাধিক ওমরাহ সেবা প্রতিষ্ঠান এবং ছয় হাজারের বেশি বিদেশি ওমরাহ এজেন্টের মাধ্যমে মুসল্লিরা তাদের প্যাকেজ গ্রহণ করতে শুরু করেছে।
মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা এসপিএকে বলেন, সৌদি আরব এবং বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম জনগোষ্ঠী, যারা চলতি বছর ওমরাহ পালনে ইচ্ছুক, তাদের আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টিকার সনদপত্রের অনুলিপি সংযুক্ত করতে হবে। এটি বাধ্যতামূলক করেছে সরকার।
তিনি আরও জানান, করোনা সংক্রমণ ঠেকাতে যেসব দেশের যাত্রীদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার, সেসব দেশের ওমরাহ পালন ইচ্ছুক মুসল্লিদেরও সৌদিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর হজ ও ওমরাহ পালন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছিল সৌদি সরকার। ছয় মাসেরও বেশি সময় স্থগিতাদেশ জারি রাখার পর গত বছর অক্টোবরে দেশীয় নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হয়।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯ আগস্ট ২০২১ /এমএম





